বিজ্ঞপ্তি দিয়েও রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে ছাত্র পাওয়া যাচ্ছে না। বর্তমানে ছাত্রাবাসটির ৭টি ব্লকের ৮৩টি আসন খালি। গত এপ্রিলে বহিরাগত ব্যক্তিদের হামলার ঘটনার পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সেই থেকে অনেকে ভর্তি বাতিল করে ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের অব্যাহত জুলুমের কারণে ছাত্ররা ছাত্রাবাসে উঠতে চাচ্ছেন না। যদিও ছাত্রলীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আবাসিক ছাত্ররা বলেছেন, রাজশাহী কলেজের ইতিহাসে এ রকম ঘটনা ঘটেছে বলে তাঁদের জানা নেই। এই ছাত্রাবাসের আসন দখলের জন্য অতীতে বহু সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে অতীতে ছাত্রাবাসের আসন-বাণিজ্যের অভিযোগও উঠেছে। এখন সেই ছাত্রাবাসে ওঠানোর জন্য ছাত্র পাওয়া যাচ্ছে না।
কয়েকজন ছাত্র অভিযোগ করেছেন, ছাত্রলীগের জুলুমের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ ছাত্রদের বাধ্যতামূলক ছাত্রলীগের মিছিলে যেতে হয়। মিছিলের সময় ছাত্রাবাসের বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ বাইরে যেতে না পারেন। কেউ মিছিলে না গেলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
কলেজ সূত্র জানায়, এই ছাত্রাবাসে ৫০০ আসন। বর্তমানে খালি আছে ৮৩টি। গত ২৩ জুলাই ছাত্রাবাসে ছাত্র ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু কেউই আবেদন করেননি। এরপর ২৮ সেপ্টেম্বর পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু ১১ অক্টোবর পর্যন্ত কোনো ছাত্র আবেদন করেননি।
শিক্ষার্থীরা জানান, ১৪ এপ্রিল রাতে এই ছাত্রাবাসের একটি কক্ষে চার-পাঁচজন বহিরাগত হামলা চালিয়ে ল্যাপটপ, কম্পিউটার, মুঠোফোন ও টাকা নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্ররা একত্র হয়ে কলেজের অধ্যক্ষের বাসায় যাওয়ার প্রস্তুতি নেন। খবর পেয়ে ছাত্রলীগের কলেজ শাখার নেতা-কর্মীরা এসে বিষয়টি দেখবেন বলে সাধারণ ছাত্রদের নিজ নিজ কক্ষে চলে যেতে বলেন। পুলিশও তখন ঘটনাস্থলে হাজির। লুটপাটের ঘটনা ছাত্রদলের এক নেতাকে ফোন করে জানানোর অপরাধে ছাত্রলীগের ছেলেরা ছাত্রাবাসের ‘এফ’ ব্লকের সামনে মুঠোফোন খোয়ানো দুই ছাত্রকে বেদম পেটান। এরপর রাতেই ওই দুই ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে যান।
ঘটনার পরদিন বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় ছাত্রাবাস থেকে সাধারণ ছাত্ররা চলে যেতে শুরু করেন। পরে তাঁরা ধীরে ধীরে ফিরে এলেও নতুন করে খালি হওয়া আসনে (স্নাতকোত্তর শেষ করে যাঁরা হল ছেড়েছেন) আর কেউ ওঠেননি। এর আগে ১৭ মার্চ রাতে একইভাবে ছাত্রাবাসের নিউ ব্লকের একটি কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা তখন এক ছাত্রকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনার পর বেশ কিছু ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে যান। ছাত্র না থাকায় নিউ ব্লকের ডাইনিং বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রাবাসের তিন তত্ত্বাবধায়ক—ইলিয়াস উদ্দিন, আনিসুজ্জামান ও আবদুর রাজ্জাক।
সর্বশেষ ২ অক্টোবর ডাইনিংয়ে রাতে খাওয়ার সময় এক ছাত্রকে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাননি।
এসব বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের জুলুমের কোনো ঘটনা ছাত্রাবাসে নেই। এ ধরনের ঘটনা থাকলে সাংবাদিকেরা সংবাদ পেতেন। সংবাদ আছে জানালে তিনি বলেন, ‘আমার জানা নেই।’
ছাত্র না ওঠার বিষয়ে রকি ঘোষ বলেন, ‘স্যারেরা হয়তো অ্যালটমেন্ট দেননি, তাই ছাত্ররা উঠছে না।’ দুবার বিজ্ঞপ্তি দেওয়ার পরও ছাত্র না পাওয়ার কথা শুনে তিনি বলেন, তিনি এ বিষয়ে খোঁজ নেবেন। ছাত্রলীগের জুলুমের কোনো ঘটনা নেই। জোর করে কাউকে মিছিলে নেওয়া হয় না বলে দাবি করেন তিনি।
যোগাযোগ করলে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, এপ্রিলে হোস্টেলে বহিরাগত ব্যক্তিদের হামলার পর থেকে তাঁরা মুসলিম ছাত্রাবাস নিয়ে একটা সমস্যায় পড়েছেন। শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে চাচ্ছেন না। তিনি বলেন, দেখা যাক, একটা চেষ্টা চলছে। ঠিক হয়ে যাবে।