ছাত্রলীগের মারধরে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রলীগ কর্মীদের মারধরে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শহীদ মিনারের সিঁড়িতে বসা নিয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল রাজু সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনস্টেবল রাজু সরকার (২৩) রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা পুলিশ হিসেবে নগরের বিনোদপুর এলাকায় কর্মরত। তিনি রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ছুটিতে থেকে নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায় শহীদ মিনারের সিঁড়িতে বসে ছিলেন। তখন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এসে তাঁকে শহীদ মিনারে বসতে নিষেধ করেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজুকে মারধর করেন। রাজু অভিযোগ করেন, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম ওরফে বাপ্পীসহ পাঁচ থেকে ছয়জন তাঁকে মারধর করেন।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় মাইনুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।