ছাত্রলীগের মারধরে সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে এক সাংবাদিক প্রহৃত হয়েছেন। চারুকলায় কোনো ‘বহিরাগত’ প্রবেশ করতে পারবে না, এই যুক্তি দেখিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সাংবাদিকের নাম আরিফুর রহমান। তিনি অনলাইন নিউজপোর্টাল এটিএন টাইমসের সহসম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
আহত আরিফের একাধিক সহপাঠী দাবি করেছেন, গতকাল বুধবার অফিস শেষ করে ক্যাম্পাসে যাওয়ার পথে সন্ধ্যা সাতটায় চারুকলায় বসতে যাচ্ছিলেন তিনি। রাস্তায় যানজট থাকায় হেঁটে গিয়ে বেশ ক্লান্ত ছিলেন। কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারসংলগ্ন চারুকলার প্রবেশপথ দিয়ে ঢুকতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর পথ আটকান।
নিজের পরিচয় দিলে চারুকলার বাইরের কেউ এখানে ঢুকতে পারবে না বলে জানিয়ে দেন ছাত্রলীগের কর্মীরা। আরিফ নিজেকে ক্লান্ত দাবি করে তাঁকে ঢুকতে দেওয়ার অনুরোধ করেন। তখন কথা বলতে এগিয়ে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান। তাঁর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ১০-১২ জন ছাত্রলীগের কর্মী ইট-লাঠি দিয়ে আরিফকে মারধর করেন। এতে তাঁর নাকের হাড় ভেঙে যায়। হাত, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হন আরিফ।
খবর পেয়ে সহপাঠীরা আহত আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রথম আলোর পক্ষ থেকে আশিকুর রহমানের মুঠোফোনে চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। চারুকলা ছাত্রলীগের পদধারী একাধিক নেতার সঙ্গে কথা বলে ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।