ছাত্রলীগের মিছিল থেকে নিহত সাংসদ লিটনের বোনের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ছবি: প্রথম আলো
নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ছবি: প্রথম আলো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরে ছাত্রলীগের মিছিল থেকে নিহত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার শহরের বিএডিসি অফিসের সামনে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তের গুলিতে নিহত সাংসদ মনজুরুল ইসলামের বড় বোন আফরোজা বারী আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর জামাই ও নাতিকে নিয়ে ব্যক্তিগত পাজেরো গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দিতে যান। ফুল দেওয়া শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের দিকে যাচ্ছিলেন। আর জামাই ও নাতি গাড়ি নিয়ে তাঁদের পেছনে ধীরগতিতে এগোচ্ছিলেন। এ সময় উপজেলা শহরের বিএডিসি অফিসের সামনে উপজেলা ছাত্রলীগের একটি মিছিল চলছিল। গাড়িটি বিএডিসি অফিসের সামনে পৌঁছালে ছাত্রলীগের মিছিল থেকে গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে গাড়িতে থাকা কারও ক্ষতি হয়নি। এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে আফরোজা বারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর মেয়ে জামাই তারিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘ছাত্রলীগের মিছিল থেকে এই ভাঙচুর চালানো হয়। আমরা গাড়ির ভেতরে শুয়ে যাওয়ায় বেঁচে গেছি।’

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি সুন্দরগঞ্জে ছিলাম না। এ বিষয়ে আমি কিছু জানিও না।’ তবে ছাত্রলীগের কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না—জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপনির্বাচনে নিহত সাংসদ মনজুরুল ইসলামের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহানকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য যুবলীগ ও ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে। এ ছাড়া আফরোজা বারীকেও দলীয় মনোনয়ন দিতে পৃথক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটি অংশ ও তাঁর সমর্থকেরা। এ নিয়ে দ্বন্দ্বের কারণেই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ভাঙচুরকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।