ছাত্রলীগের মিছিলে 'শিবিরের গুলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিলে গুলি ছোড়ার অভিযোগে গতকাল দুপুরে চট্টগ্রামের চকবাজার মোড়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো
মিছিলে গুলি ছোড়ার অভিযোগে গতকাল দুপুরে চট্টগ্রামের চকবাজার মোড়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এ জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। তবে পুলিশ বলছে, গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে চকবাজারের গুলজার মোড়ে যাচ্ছিলেন। কলেজ সড়ক পার হওয়ার সময় পাশের চারতলা একটি ভবন থেকে মিছিল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি গুলিও ছোড়া হয়। পাথরের আঘাতে মাহমুদুল করিম নামে ছাত্রলীগের এক কর্মী আহত হন। এই ঘটনার জন্য ছাত্রশিবির দায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে গুলি ছোড়ার ঘটনার পরপরই কলেজ সড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পাশের বিপণিবিতান ও দোকান বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রশিবিরের কর্মী সন্দেহে দুজনকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ সড়ক এলাকার তিন ব্যবসায়ী বলেন, ছাত্রলীগের মিছিলটি কলেজ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গুলির আওয়াজ শুনতে পেয়েছেন তাঁরা। এরপর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ভয়ে দোকান বন্ধ করে দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ছাত্রলীগের মিছিলে পাথর নিক্ষেপের ঘটনায় চকবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মিছিলে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।
শিবিরের মিছিল: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাতটার দিকে চকবাজার থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি চট্টগ্রাম কলেজের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবির।