ছাত্রলীগের লোক না নেওয়ায় ইউপি কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ মানুষের কর্মসংস্থান প্রকল্পে ৪০ দিনের মাটি কাটা কাজে ছাত্রলীগ নেতাদের লোক না নেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। ছাত্রলীগের পরিচয়ে একদল যুবক পরিষদে হামলা চালিয়ে জানালা-দরজা ভাঙচুর করে। তারা পরিষদে কর্মরত সচিব আলতাফ হোসেনকে লাঞ্ছিত করে। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জহুরুল ইসলাম জানিয়েছেন, এ ইউনিয়ন এলাকার দুস্থ মানুষের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ইউনিয়ন এলাকার ১৩০ জন দুস্থ মানুষ ৪০ দিনের কাজ পাবেন। তাঁরা মাটির কাজ করবেন। ইউনিয়ন পরিষদ এই কাজ বাস্তবায়ন করবে। চেয়ারম্যান আরও জানান, পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের তাঁর এলাকার দুস্থ মানুষের তালিকা দিতে বলা হয়। তাঁরা একটি তালিকা করে কাজ শুরু করেন। এরই মধ্যে ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতারা কিছু লোকের নাম দিয়ে তালিকা তৈরি করে ইউপি সদস্যদের হাতে দেন। কিন্তু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ছাত্রলীগের দেওয়া তালিকা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেননি। এ কারণে বুধবার দুপুরে ছাত্রলীগের ছেলেরা ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা সেখানে কর্মরত সচিব আলতাফ হোসেনকে গালাগাল করে। তিনি জানান, বিষয়টি কালীগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।
ওসমান গনি জানান, তিনি মোট ১৫ জনকে কাজে নিয়োগ করতে পারবেন। সেখানে দুজন বেশি হয়ে গেলে তাদের বাদ দেওয়া হয়। বাদ পড়া ওই দুজন ছিল ছাত্রলীগের তালিকার, যে কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে।
রায়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, তাঁরা এলাকায় নেতৃত্ব দিয়ে থাকেন। তাই কিছু মানুষের নাম দিয়েছিলেন। কিন্তু ইউপি সদস্য সেটা মানেননি। বিষয়টি জানার জন্য পরিষদে গেলে কিছুটা হট্টগোল হয়েছে। বড় কিছু ঘটেনি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম মৌখিকভাবে ঘটনাটি জানানোর পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি দেননি। তাই তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি।