ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ্টা থেমে থেমে চলা এ সংঘর্ষের সময় ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুজন ছাত্রলীগের কর্মী। তাঁরা হলেন কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র খায়রুল হাসান ওরফে শাহিন (২২) ও সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের রতন গোপ (২২)। এ দুজনসহ আহত সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শাহিনকে বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক সভাপতি হিরণ মাহমুদের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ক্যাম্পাসে আগে থেকে হিরণ পক্ষের আধিপত্য ছিল। কিন্তু রায়হানের নেতৃত্বাধীন পক্ষটি গতকাল দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনা শুরু হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়ার সময় হিরণ পক্ষের কর্মী বলে পরিচিত শাহিন ও রতন গুলিবিদ্ধ হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বেলা আড়াইটার দিকে দুই পক্ষ আবার ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় সাঁজোয়া যান নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মহানগর পুলিশের তিনটি দল। তবে পুলিশের সামনেই অস্ত্রধারী পক্ষ দুটি পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। এ সময় ছবি তুলতে গেলে ফটোসাংবাদিকসহ সংবাদকর্মীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের দুই পক্ষ। ক্যাম্পাসের প্রধান ফটকের আশপাশে সংবাদকর্মীদের লক্ষ্য করে সাতটি ককটেল ফাটানো হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
বেলা পৌনে তিনটা থেকে ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের মুখে ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাস ছাড়ে। তবে পুলিশ ধাওয়া করে ক্যাম্পাসের একটি টিলার ওপর আশ্রয় নেওয়া সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী জিহাদ ও পুলককে আটক করে। পরে তাঁদের শাহ পরান থানায় নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছাত্রলীগ কর্মী শাহিনের মাথায় গুলি লেগেছে। এক দফা অস্ত্রোপচার করেও অবস্থার উন্নতি না হওয়ায় বিকেল পাঁচটার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। রতনের হাতে স্প্লিন্টার ও এক পায়ে গুলি লেগেছে। আতিকুর রহমান তালুকদার ও লালন হোসেনসহ আহত অন্য পাঁচজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।
এর আগে ২০১৩ সালে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। সে সময় আবদুল হান্নান নামের এক কর্মী হেলমেট পরে ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন, যাঁর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই হান্নান এবারের সংঘর্ষেও হেলমেট পরে অংশ নেন। তবে তাঁর হাতে অস্ত্র ছিল না, ছিল তাঁর পাশের জনের হাতে।