ছাত্রলীগের সংঘর্ষে তিন ছাত্রাবাস বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাস প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেসে ও আত্মীয়স্বজনের বাসায় থেকে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন।
ইনস্টিটিউটের অন্তত তিনজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৫ সালের ৮ মার্চ রাতে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। পরদিন জেলা ও পুলিশ প্রশাসন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জরুরি সভা হয়। এতে অনিবার্য কারণ দেখিয়ে ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার পর থেকে এত দীর্ঘ সময়ে ছাত্রাবাস বন্ধ ছিল না।
তবে ছাত্রলীগের অন্তত তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইনস্টিটিউটের ময়নামতি আলমগীর ছাত্রাবাসে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা থাকেন। শহীদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাসে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা থাকেন। প্রশাসন সিদ্ধান্ত নেয়, একজন ছাত্র একটি ছাত্রাবাসে থেকেই পড়াশোনা শেষ করবেন। এ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ছাত্রাবাস বন্ধ করে দেয়।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ আলী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এখন ক্যাম্পাসে থাকেন না। তিনি প্রশাসনের কাছে দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
ইনস্টিটিউটের অন্তত ৩০ জন শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের খেসারত সাধারণ শিক্ষার্থীরা কেন দেবেন।
ইনস্টিটিউট সূত্র জানায়, ১৯৬২ সালে কুমিল্লার কোটবাড়ী এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময়ই ইনস্টিটিউটের ভেতরের দক্ষিণ পাশে ময়নামতি আলমগীর, শহীদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস তৈরি করা হয়। এর মধ্যে ময়নামতিতে ২৫০ জন, শহীদুল্লাহতে ১৮০ জন ও ছাত্রীনিবাসটিতে ১০০ জন শিক্ষার্থীর শয্যা রয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী রয়েছেন।
ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘জরুরি ভিত্তিতে হোস্টেল খোলা দরকার। মেসে ভাড়া দিয়ে কুলিয়ে উঠতে পারছি না।’
কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নিশাত কালাম বলেন, ‘ছাত্রীনিবাস বন্ধ থাকার কারণে কোটবাড়ী এলাকায় একটি কক্ষ তিন হাজার টাকায় ভাড়া নিয়ে তিনজন গাদাগাদি করে থাকছি।’
ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন বলেন, ‘ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। এ কারণে ছাত্রাবাস খোলা হচ্ছে না। প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার জন্য ৩২টি পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ‘
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘একটা বিশেষ পরিস্থিতির কারণে সাময়িকভাবে তিনটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। এত দিন ধরে বন্ধ রয়েছে কেন, তা খোঁজ নিয়ে দেখব।’