ছাত্রলীগের সংঘর্ষে দুই কলেজে ক্লাস বন্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের শ্রেণি কার্যক্রম আজ সোমবার ও কাল মঙ্গলবারের জন্য স্থগিত করা হয়েছে। তবে কলেজ দুটিতে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ও প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চালু রয়েছে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী শ্রেণি কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলেজের শ্রেণি কার্যক্রম দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই দুই দিন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী ও অভিভাবক এবং পরীক্ষার্থী ছাড়া কাউকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, গত শনি ও রোববারের সংঘর্ষের ঘটনা তদন্তে কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌস আরা বেগমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মধ্যে আজ সোমবারও আতঙ্ক বিরাজ করছিল। তবে আজ সকালে চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয় পুলিশ। বুধবার থেকে পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হবে কলেজ দুটিতে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে পুলিশ। কিন্তু তাঁরা ক্যাম্পাসে অবস্থান করতে চাইলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় মেয়র আ জ ম নাছিরের অনুসারীরা কলেজের বাইরে অবস্থান নিলেও শেষ পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করেনি।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা ও মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, ‘সকালে ক্যাম্পাস অবস্থান করার সময় চকবাজার থানার ওসি আজিজ আহমেদ এসে আমাদের বের হয়ে যেতে বলেন। আমরা থাকতে চাইলে তাঁর (ওসি আজিজ আহমেদ) নেতৃত্বে পুলিশ আমাদের লাঠিপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।’
তবে লাঠিপেটার বিষয়টি অস্বীকার করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার সময় একজন পুলিশ সদস্য হাতে আঘাত পান। কলেজের নিরাপত্তার জন্য দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়া নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। অপর পক্ষে ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। রোববারও দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে।
গত বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ শিবিরের নিয়ন্ত্রণমুক্ত করার পর থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।