ছাত্রলীগের সংঘর্ষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্রলীগ পরিচালিত ‘স্ফুরণ’ ও ‘ডিবিটস’ নামের দুটি পক্ষ আছে। গতকাল শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দু পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল কয়েক দফা হাতাহাতির পরে ঘটনা মিটমাট হয়েছিল। ভর্তি সংক্রান্ত বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান ও সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে আজ সকালে আবার কলেজের ছাত্র হোস্টেলের দোতলায় হাতাহাতি শুরু হয়। এরপর ক্যাম্পাসে ও হাসপাতালের সামনে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ ঘটনার পরপরই ক্যাম্পাসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্ফুরণের নেতৃত্বে আছেন শান্ত ও বুলেট আর ডিবিটসের নেতৃত্বে আছেন আনিসুর রহমান ও কাজি মাহবুব।
এ দিকে এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে এ সংঘর্ষ, তা আমরা জানি না। ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করার দরকার সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে, কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন তারা।
এদিকে এক ইন্টার্ন চিকিৎসক প্রথম আলোকে জানান, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।