ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২৩ জনের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে ২৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।

গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেল ও খনি প্রকৌশল বিভাগের ছাত্র শাহ নেওয়াজ, যন্ত্রকৌশল বিভাগের মো. হাসানুজ্জামান, পুরকৌশল বিভাগের মকবুলুর রহমান ও মোহাম্মদ শরিফুল ইসলামকে ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার এবং আট হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ছাত্রাবাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এঁরা সবাই শেষ বর্ষের ছাত্র।
স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র দাউদ ইব্রাহিম, পুরকৌশল বিভাগের শেষ বর্ষের জি এম এনামুল কবির, নাহিদ পারভেজ ও কম্পিউটার কৌশল বিভাগের কামরুল ইসলামকে ছাত্রাবাস থেকে দুই বছরের জন্য বহিষ্কার এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শেষ বর্ষে অধ্যয়নরত পুরকৌশল বিভাগের ফরহাদুল হাসান, কম্পিউটার কৌশল বিভাগের রাশেদুল হাসান, জাহীন মাহদী ও মো. মুক্তাদির, তড়িৎ​ কৌশল বিভাগের সাইদুল আলম, স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইশরাক হোসেন, তেল ও খনি প্রকৌশল বিভাগের বিজয় কুমার পাল, স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের ফারহান আরিফ, যন্ত্রকৌশল বিভাগের মুনতাসির সারোয়ার এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তড়িৎ​ কৌশল বিভাগের আসিফুর রহমান ও নাগিব আহসান, যন্ত্রকৌশল বিভাগের শিফাত সিদ্দিক, পুরকৌশল বিভাগের বিলটন বসাক ও সোহেল রানা এবং কম্পিউটার কৌশল বিভাগের নিলয় দেকে ছাত্রাবাস থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁদের সবাইকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।