ছাত্রলীগের সংঘর্ষের পর রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটার মধ্যে আবাসিক ছাত্রাবাস খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন তিনজন।
কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের এক সভায় কলেজ বন্ধের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ বলেন, রাতের বেলা মুক্তা ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে কলেজের পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী, কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কলেজ ক্যাম্পাসে ওই ছাত্রাবাসে ছাত্রলীগের শহিদুজ্জামান ও সরওয়ার আলম—বিবদমান এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন শহিদুজ্জামান, আসিফ ফেরদৌস ও শহিদুজ্জামানের ছোট ভাই ক্যাম্পাসে বেড়াতে আসা আসাদুজ্জামান। তাঁরা সবাই কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, নেতা শহিদুজ্জামান ও কর্মী আসিফ কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আর সরওয়ার স্থগিত হওয়া কমিটির বহিষ্কৃত সাবেক সভাপতি। কলেজে নতুন কমিটি গঠনের যে চিন্তাভাবনা চলছে, সেখানে শহিদুজ্জামানকে সভাপতি করার কথা শোনা যাচ্ছিল। আহত আসিফ শহিদুজ্জামানের পক্ষের একজন কর্মী।
চিকিৎসাধীন শহিদুজ্জামান অভিযোগ করেন, সরওয়ার আলমের নেতৃত্বে গভীর রাতে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় ছোরাসহ নানা দেশীয় অস্ত্রশস্ত্রেরও মহড়া দেওয়া হয়। তবে সরওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা হামলা করিনি। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমরা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষ বাধে।’
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বর্তমানে কলেজে (ছাত্রলীগের) কোনো কমিটি নেই। এ কারণে ঘটনার দায়ভার ছাত্রলীগ নিতে পারে না। যেহেতু আহতরা আমাদের সংগঠনেরই কর্মী, তাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ক্যাম্পাসে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গত বছর ২২ অক্টোবর এই কলেজের ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। বর্তমানে সেখানে নতুন কমিটি গঠনের চিন্তাভাবনার মধ্যেই এই সংঘর্ষ ও কলেজ বন্ধের ঘটনা ঘটল।