ছাত্রলীগের সংঘর্ষের পর রাতে হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী হল মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে সংঘর্ষের পর গতকাল বুধবার দিবাগত রাতে দুটি হলে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। দুই হল থেকে রামদা, হকিস্টিক, লোহার রড উদ্ধার করেন প্রক্টরিয়াল বডি ও পুলিশের সদস্যরা।

গতকাল সন্ধ্যায় বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) উপপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত মঙ্গলবারও এই দুই উপপক্ষের মধ্যে মারামারি হয়।

গতকাল সন্ধ্যার সংঘর্ষের পর দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চবির সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি হলে বেশ কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। তবে কাউকে আটক করা হয়নি। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। কারণ, আগে দুই উপপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বসেও লাভ হয়নি।

বিজয় ও সিএফসি উভয় উপপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক। বিজয়ের নেতৃত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।

পুরোনো শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে বিজয় ও সিএফসি বারবার সংঘর্ষ-মারামারিতে জড়াচ্ছে বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।

সবশেষ ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার। সেদিন অর্থনীতি বিভাগের র‍্যাগ ডে ছিল। এ উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠান দেখতে যান সিএফসির কয়েক কর্মী। কিন্তু বিজয়ের কর্মীরা তাঁদের মিলনায়তনে ঢুকতে দেননি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই উপপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষকালে উভয় উপপক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হলে হলে মহড়া দেন।

ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় বিজয়ের নেতা মাহমুদুল হাসান আবদুর রব হলের ঝুপড়িতে যান। সেখানে সিএফসির কর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিজয়ের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে ও সিএফসির নেতা-কর্মীরা শাহ আমানত হলের সামনে এসে জড়ো হন। এ সময় দুই উপপক্ষের নেতা-কর্মীরা মহড়া দেন। একপর্যায়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। হয় পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে দুই কর্মী আহত হন।