ছাত্রলীগের সংঘর্ষের মামলায় ব্যবসায়ীও আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মামলায় এক ব্যবসায়ীকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ব্যবসায়ী এইচ এম সোহরাব মোস্তফা নামের ওই ব্যবসায়ী আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তাঁর অভিযোগ, চাঁদা না দেওয়ায় একটি পক্ষ তাঁকে মামলায় ফাঁসিয়েছে।

গত ৩১ জুলাই বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম ও চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় নূরুল মোস্তফার অনুসারী ও চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক চকবাজার থানায় একটি মামলা করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১০ জন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিমের পক্ষের নেতা-কর্মী। বাকি একজন আসামি হলেন সোহরাব মোস্তফা।
সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পর্ক নেই দাবি করে সংবাদ সম্মেলনে সোহরাব বলেন, ‘কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগেও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিচয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা চাঁদা দিতে রাজি হয়নি। আমার ধারণা, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতে আসা ব্যক্তিরা আমাকে এই মামলায় জড়িয়ে দিয়েছে।’
যোগাযোগ করা হলে মামলার বাদী সুভাষ মল্লিক চাঁদা দাবি করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের দিন তিনি নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সঙ্গে ছিলেন। আমরা নিরীহ কাউকে ফাঁসাইনি।’
তবে যোগাযোগ করা হলে মাহমুদুল করিম বলেন, সোহরাব মোস্তফা নামের কাউকে তিনি চেনেন না।
এ প্রসঙ্গে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীকে আসামি করার বিষয়টি তদন্ত করে দেখা হবে।