ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে নগর ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামের দক্ষিণ অংশে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে ছাত্রলীগ এ কর্মসূচি দিয়েছিল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কাজীর দেউড়ি মোড়ের অদূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ছয়জনের মধ্যে কোতোয়ালি থানার উপপরিদর্শকসহ (এসআই) দুজন পুলিশ সদস্য এবং বাকি চারজন ছাত্রলীগের নেতা-কর্মী বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে। এসআই শহিদের রহমানের কপালের বাঁ দিক ফেটে গেছে। আর কনস্টেবল পিংকু দের শরীরে ছররা গুলি লেগেছে। এ ছাড়া নগর ছাত্রলীগের মানবসম্পদ ও উন্নয়নবিষয়ক সম্পাদক লিটন চৌধুরীসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদেরও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আউটার স্টেডিয়ামের দক্ষিণ অংশে সুইমিংপুল নির্মাণ করা হচ্ছে। এ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আজ বেলা সাড়ে তিনটায় নগর ছাত্রলীগ আউটার স্টেডিয়ামে ঘেরাও কর্মসূচি পালন শুরু করে। ছাত্রলীগের কর্মসূচির কারণে কাজীর দেউড়ি মোড় থেকে নেভাল অ্যাভিনিউ সড়ক পর্যন্ত পুলিশ গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জড়ো হওয়ার পর আনুমানিক এক ঘণ্টা ধরে ছাত্রলীগ সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। একপর্যায়ে তারা স্টেডিয়ামের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ছাত্রলীগকে ছত্রভঙ্গ করতে ছররা গুলি ছোড়ে। ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেন। প্রায় আধা ঘণ্টা ধরেএ সংঘর্ষ চলতে থাকে।

আহত এসআই শহিদ ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে জানান, দুই প্লাটুন পুলিশ আউটার স্টেডিয়ামে অবস্থান নিয়েছিল। ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী সেখানে বিক্ষোভ করতে জড়ো হন। তাঁরা স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা পুলিশের দিকে ইটপাথর ছুড়তে থাকেন। একটি টুকরা ইট তাঁর কপালের বাঁ দিকে আঘাত করে। এতে তাঁর কপাল ফেটে যায়।
চিকিৎসাধীন কনস্টেবল পিংকু দে প্রথম আলোকে জানান, ছাত্রলীগের সমর্থকদের বাধা দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
আহত নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী প্রথম আলোকে বলেন, পুলিশ বিনা উসকানিতে গুলি ছোড়ে এবং ইটপাটকেলও নিক্ষেপ করে। পুলিশের ছোড়া ইট এবং কাচের আঘাতে তাঁর ডান হাতের কবজির ওপরের অংশ কেটে যায়।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আউটার স্টেডিয়াম সংকুচিত করার প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছিলাম। রাস্তায় গাড়ি বন্ধ করে আমরা কর্মসূচি পালন করতে চাইনি। কারণ, এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। আমরা মাঠের ভেতরে কর্মসূচি করতে চাইলে পুলিশ আমাদের দিকে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের তিন নেতা–কর্মী গুলিবিদ্ধ এবং আরও ১০ জন আহত হয়েছেন।’
খেলার মাঠে সুইমিংপুল নির্মাণ বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল নগর ছাত্রলীগ।