ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে আজীবন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পর্ষদের (ডিসিপ্লিনারি বোর্ড) সভায় এ সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ। তাঁরা দুজনই যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তাঁদের আজীবন বহিষ্কারের কথা নিশ্চিত করে বুয়েটের উপাচার্য খালেদা ইকরাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ফেসবুকে ওই শিক্ষকের মন্তব্য ও শিক্ষার্থীদের আচরণ—দুটোকেই সমানভাবে মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নিয়েছি।’
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম ১১ এপ্রিল রাতে জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের ঘটনাকে অবিচার বলায় পরদিন তাঁকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই দিনই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় শিক্ষকেরা ক্লাস বর্জন ও কর্মবিরতির সিদ্ধান্ত নেন। অবশ্য গতকাল এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ছাত্রলীগের নেতা সিয়াম হোসেন ১৬ এপ্রিল ওই শিক্ষকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নালিশি মামলা করেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সোমবারের শৃঙ্খলা পর্ষদের সভায় ছাত্রলীগের আরও তিনজনকে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়। তাঁদের মধ্যে তড়িৎকৌশল বিভাগের তৃতীয় বর্ষের প্রতীক দত্তকে এক বছরের জন্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের রাতুলকে হল থেকে বহিষ্কার করা হয়। আর সতর্ক করা হয়েছে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু আনাসকে।
তবে এ বিষয়ে উপাচার্য কিছু বলতে পারেননি। তিনি এ ব্যাপারে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
শৃঙ্খলা পর্ষদের সদস্যসচিব বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হতে গতকাল তাঁকে ফোন করা হলে তিনি এ বিষয়ে রেজিস্ট্রার বা তাঁর দপ্তর থেকে জানতে বলেন। উপাচার্য বলার পর তাঁকে দ্বিতীয়বার ফোন করে তথ্য চাইলে তিনি তথ্য দিতে পারবেন না বলে ফোন কেটে দেন। তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
আর রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি। বিকেলে রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সহকারী রেজিস্ট্রার জাকের আল কবীর সিদ্দিক প্রথম আলোকে জানান, এসব কাজ ছাত্রকল্যাণ পরিদপ্তরের। সেখান থেকেই এই দপ্তরে চিঠি আসে। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি তাঁদের কাছে আসেনি।
বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুয়েট শিক্ষক সমিতি গতকাল দুপুরে জরুরি সাধারণ সভা করে চলমান ক্লাস বর্জন ও কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (আজ) থেকে শিক্ষকেরা ক্লাস নেবেন।’
বহিষ্কারের খবর পেয়ে সোমবার রাতেই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে গতকাল দিনভর কোনো প্রতিবাদ হয়নি। বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। এ সম্পর্কে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘এই সিদ্ধান্ত খুবই অনৈতিক ও অন্যায্য সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিষয়ে আমরা উচ্চ আদালতে রিট করব।’