বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে প্রধান আসামি করে ছাত্রলীগের ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দায়িত্ব পালনে বাধাদান, পুলিশের ওপর হামলা এবং মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে গত শনিবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন শহরের স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আল মামুন।
মামলায় অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রিকশা ভাড়াকে কেন্দ্র করে কলেজটির ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন (২১) হত্যাকাণ্ডের পর বেনজির আহমেদের নেতৃত্বে আসামিরা কলেজের নতুন ভবনের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করেন। এ সময় সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক আল মামুনের ওপর হামলা চালান বেনজির ও তাঁর সহযোগীরা। সেই সঙ্গে বেনজিরের নেতৃত্বে অবরোধকারীরা আল মামুনের মোটরসাইকেলটিও পুড়িয়ে দেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আছলাম আলী গত রোববার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের কাজে বাধাদান ও মোটরসাইকেল পোড়ানোয় পুলিশের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা বেনজিরকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে কলেজটির ছাত্রলীগ নেতা ইব্রাহীম হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে নুরুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে সদর থানায় পৃথক একটি হত্যা মামলা করে। ওই মামলায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রিকশা ভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নুরুল ইসলামের নেতৃত্বে তাঁর সহযোগীদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন কলেজের বাংলা বিভাগেরøস্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। ইব্রাহীম হোসেনের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লাহড়াপাড়া গ্রামে।
এর পরপরই পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের সহযোগিতার অভিযোগ এনে ছাত্রলীগ শহরে মিছিল করে।