ছাত্রলীগের সমাবেশে দফায় দফায় হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশে দফায় দফায় হাতাহাতি ও মারামারি হয়েছে।
দিবসটি উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশ থেকে প্রায় সব জেলা-উপজেলা শাখার কর্মীরা সমাবেশে আসেন। কয়েক হাজার শিক্ষার্থীর এ সমাবেশে বক্তৃতাপর্ব চলাকালে অন্তত চারবার বেশ কিছু নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া সমাবেশের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা না করেই কর্মসূচি শেষ করতে হয়েছে।
বেলা দেড়টার দিকে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ ও সিদ্ধেশ্বরী শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
সামনে বসাকে কেন্দ্র করে বেলা দুইটার দিকে মাস্টারদা সূর্য সেন হল শাখা ও ঢাকা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।
বেলা সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা ও নেত্রকোনা জেলা শাখার নেতা-কর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ওঠার পথে ছাত্রলীগের নেতাদের বাধার সম্মুখীন হন। তারপরও তাঁরা স্লোগান দিতে দিতে বেদির দিকে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে তিতুমীর কলেজ ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান।