সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। আর ছাত্রলীগের কর্মী চার ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ, সহসভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি সাইফুর রহমান তিন নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত চার ছাত্র হলেন বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম ও জাহিদ হোসেন, পরিসংখ্যান বিভাগের ধনী রাম রায় এবং পলিটিক্যাল স্টাডিজের আবদুল্লাহ আল মামুন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিশ্চিত করেছেন যে বহিষ্কৃত চারজনই ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, সাময়িক বহিষ্কার করা এই চার ছাত্রকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’–এর ব্যানারে আন্দোলন শুরু করে শিক্ষকদের একাংশ। আবার এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’–এর ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন করছে ছাত্রলীগ।
অভিযোগ উঠেছে, গত রোববার সকালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেন উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীরা। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া।
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল থেকে টানা তিন দিনের কর্মসূচি শুরু করেছেন। গতকাল দুপুরে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে মৌন মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন বক্তব্য দেন।
আজ বুধবার একই ব্যানারে অর্ধদিবস কর্মবিরতি ও কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে প্রতীকী অনশন পালন করবেন শিক্ষকেরা।
নিন্দা: উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটি। সংগঠনটির গতকাল দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর এ ধরনের অনভিপ্রেত, বর্বর, অমানবিক আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানানো হচ্ছে। এ ধরনের ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়ি ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে সামাজিক প্রতিরোধ কমিটি।
আরও পড়ুন