পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হত্যার চেষ্টা
ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের স্নাতকোত্তর শিক্ষার্থী আল আমিন হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদসহ ১২ শিক্ষার্থীকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (১ ম) মামলাটি করেন আল আমিন হোসেনের বাবা মো. আজিজ শিকদার। আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী কাওছারুজ্জামান সুমন, ৫ম সেমিস্টারের গোলাম রব্বানী সুহৃদ ও ৩য় সেমিস্টারের মো. রিয়াজ হোসেন; দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টারের বাদল শীল, সৌরভ কর্মকার ও মিরাজ হোসেন এবং ৩য় সেমিস্টারের আরাফাত ইসলাম সাগর ও আরিফুল ইসলাম; বিবিএ ৭ম সেমিস্টারের শাকিল বারী তানিম ও কামরুল হাসান মুন্না এবং ভূমি ব্যবস্থাপনা ৩য় সেমিস্টারের এস এম সাব্বির। বাদীর আইনজীবী নিজাম উদ্দিন হেলালি মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় আসামিরা রড, রামদা ও লোহার পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে আল আমিনের ওপর হামলা চালান। এ সময় আল আমিনের বন্ধুরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালান আসামিরা। হামলাকারীরা আল আমিনের একটি স্বর্ণের চেইন, হাতে থাকা একটি স্বর্ণের আংটি ও নগদ টাকাসহ মোট ১ লাখ ১৮ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যান। আহত আল আমিনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, ‘আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। একটি পক্ষ রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ করেছে।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাসকে কেন্দ্র করে ২১ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর ২৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আ ন ম শফিউল্লাহ (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ৭ম সেমিস্টার), সাহিত্য উপসম্পাদক কাওছারুজ্জামান সুমন (দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টার), কর্মী বাদল চন্দ্র শীল (৭ম সেমিস্টার কৃষি) ও আরাফাত ইসলাম (৩য় সেমিস্টার কৃষি)। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।