ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ওরফে রুবেলসহ আরও ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
গত বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার (জরিপকারী) বশির আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা রুবেলসহ অন্তত ৪০ জন নেতা-কর্মী রাজস্ব শাখায় যান। এ সময় রুবেল রাজস্ব শাখা কার্যালয়ের সার্ভেয়ার বশির আহমেদের কাছে দরপত্র চান। কিন্তু সময় পার হয়ে যাওয়ার কারণে সার্ভেয়ার তাঁকে পরের দিন (বৃহস্পতিবার) আসতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে রুবেলসহ অন্যরা সার্ভেয়ারকে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিষয়টি জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে রাত সাড়ে ১১টার দিকে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।