ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ২৫-৩০ জন ডাকাত কবিরহাট কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহদাত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ১ লাখ ৪০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও সাতটি মুঠোফোন সেট লুটে নিয়ে গেছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহদাত হোসেন। তিনি বলেন, শুক্রবার রাতে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মুখোশ পরা ডাকাতেরা ঘরে ঢুকে লুটপাটের পাশাপাশি তাঁকে খোঁজাখুঁজি করে। এতে তিনি আতঙ্কের মধ্যে আছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।