ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৩০০ ক্যালেন্ডার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দ্দার ও তাঁর কয়েকজন সহকর্মী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম সাকলায়েনের কক্ষে যান। এরপর তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যালেন্ডার দাবি করেন। এ সময় গোলাম সাকলায়েন তাঁদের কাছে ক্যালেন্ডারের মূল্য দাবি করলে রাসেলরা তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে কক্ষে থাকা এক বস্তা ক্যালেন্ডার তাঁরা জোর করে ছিনিয়ে নেন। বস্তাটিতে ৩০০টি ক্যালেন্ডার ছিল বলে জানান গোলাম সাকলায়েন।
গোলাম সাকলায়েন আরও বলেন, ‘বিনা মূল্যে ক্যালেন্ডার না দেওয়ায় ছাত্রলীগের সাবেক কিছু নেতা-কর্মী ক্যালেন্ডারের একটি বস্তা ছিনিয়ে নিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
রাসেল জোয়ার্দার বলেন, ‘এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, রাসেল বর্তমানে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে তাঁদের বলার কিছু নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।