ছাত্রলীগের সাবেক নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় সরকারি কাজে বাধাদান ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিরুল হকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পলাশ থানা সূত্র জানায়, গাজীপুরের টঙ্গী, কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলছে। এর বড় একটি অংশের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠানের কাছে তানজিরুল হক তাঁর সহযোগীদের নিয়ে একাধিকবার মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সম্প্রতি কাজ বন্ধ করে দেন ছাত্রলীগের সাবেক এই নেতা। কিছুদিন বন্ধ থাকার পর স্থানীয় ক্ষমতাসীনদের সহযোগিতায় আবার কাজ শুরু হলে তানজিরুল আবারও তমা কনস্ট্রাকশনের প্রকৌশলীদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা পরিশোধ করা না হলে কাজ বন্ধ থাকবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তমা কনস্ট্রাকশনের পক্ষে প্রকৌশলী কবির হোসেন বাদী হয়ে গত শনিবার পলাশ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, এতে তানজিরুল হককে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়। এ ঘটনায় গতকাল ঘোড়াশাল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তানজিরুল ও তাঁর সহযোগী কাজল মিয়া, হজরত আলী, শাহীন মিয়া ও জামান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতের কাছে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।