শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কর্মী সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সায়েম, বাংলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই ব্যাচের জামশেদ আলম। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের আবাসিক ছাত্র।
মাহমুদুর রহমান বলেন, প্রশাসন অভিযোগের তদন্ত করছে। তদন্তের সুবিধার্থে দলীয় ওই তিন কর্মীকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে সে অনুযায়ী তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম অভিযোগ করেন, ২১ জানুয়ারি বিকেল পাঁচটায় ক্যাম্পাসের চৌরঙ্গী মোড়ে ছাত্রলীগের কর্মী আবু সায়েমের হাতে বেড়াতে আসা এক নারী যৌন নিপীড়নের শিকার হন। একই সময় ছাত্রলীগের দুই কর্মী জাহিদ হাসান ও জামশেদ আলম ওই নারীর সঙ্গে আসা ছেলেটিকে মারধর করেন। এ সময় তাঁদের থামাতে গেলে তিনি লাঞ্ছিত হন।
এরপর ২৩ জানুয়ারি মোজাহিদুল ইসলাম প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগের ওই তিন কর্মীর বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনা, যৌন নিপীড়ন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। ওই দিনই প্রক্টর কার্যালয় ছাত্রলীগের ওই তিন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেয়।