ছাত্রলীগের সেই তিন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত তিন ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) শিক্ষার্থী এস এম তৌহিদ আল হোসেন, ফিশারিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি এবং একই বিভাগের একই শ্রেণির মামুন-অর-রশিদ।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে তৌহিদ আল হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রকৌশলীকে পেটানোর ঘটনায় গতকাল শুক্রবার তাঁকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তন্ময় আনন্দ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং মামুন ছাত্রলীগের কর্মী। তবে তন্ময় আনন্দ ও মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।
জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন প্রথম আলোকে জানান, উপাচার্য তাঁর বিশেষ ক্ষমতাবলে ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাঁদের চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন। এ জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি উভয় পক্ষের অভিযোগ শুনে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর সিন্ডিকেট এর চূড়ান্ত অনুমোদন দেবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। দাবি করা চাঁদা না দেওয়ার জের ধরে তৌহিদ এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় জড়িত লোকজনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। একই ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার প্রশাসন ভবনের সামনে সমাবেশ এবং কাল থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।