ছাত্রলীগের সেই দুই নেতাকে অব্যাহতি
পৃথক দুটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের দুই ছাত্রলীগ নেতাকে সংগঠনের সব দায়িত্ব ও কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সিদ্ধান্তের কথা জানায়।
দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ছাত্রলীগ নেতারা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা ও স্যার এ এফ রহমান হলের সহসভাপতি এইচ এম ইমরান।
গত শনিবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে ফুল দেওয়ার কর্মসূচিতে যেতে দেরি করায় জিয়া হলে ১০ ছাত্রকে পিটিয়ে আহত করেন বনি আমিন ও তাঁর কর্মীরা। এতে একজনের মাথা ফেটে যায়।
এর আগে শুক্রবার রাতে এফ রহমান হলে কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের অভিযোগ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইমরানের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় কয়েকটি কক্ষেও ভাঙচুর করা হয়। একজনকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান মোবাইলে প্রথম আলোকে বলেন, বনি আমিন ও এইচ এম ইমরানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ নিতে নিষেধ করা হয়েছে। তাঁদের স্ব স্ব পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এফ রহমান হলের আরেকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
১০ ছাত্রকে পেটাল ছাত্রলীগ