ছাত্রলীগের সেই নেতা 'পেট্রলবোমা' মামলার আসামি!
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা নুরুল হক ওরফে মনির পেট্রলবোমা হামলা মামলারও আসামি। পেট্রলবোমা হামলার ঘটনায় হওয়া হত্যাসহ তিনটি মামলায় নুরুল হককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পলিটেকনিক এলাকায় একটি লেগুনা গাড়িতে পেট্রলবোমা হামলা করা হয়। এ ঘটনায় দগ্ধ লেগুনাচালক মিতুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি মারা যান।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম পলিটেকনিক এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মোট সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের নেতা নুরুল হকও রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, নুরুল হকের বিরুদ্ধে গত শনিবার পাঁচলাইশ থানা-পুলিশ অস্ত্র আইনে একটি এবং একই দিন খুলশি থানা-পুলিশ দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করে। ওই দিন পলিটেকনিক এলাকায় চাঁদাবাজির ঘটনায় খুলশি থানায় নুরুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন স্থানীয় ওষুধ ব্যবসায়ী কামরুল আলম বায়েজিদ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পেট্রলবোমা হামলায় গাড়িচালকের মৃত্যুর ঘটনায় হত্যা, বিস্ফোরক এবং অগ্নিসংযোগ ও ভাঙচুর-সংক্রান্ত তিনটি মামলা হয়। সব মামলাতেই অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে নুরুল হকের নামও দেখা যাচ্ছে। এ কারণে ওই তিনটি মামলায় আমরা তাঁকে গ্রেপ্তার দেখিয়েছি।’
আদালত সূত্র জানায়, পেট্রলবোমা হামলার ঘটনায় করা তিনটি মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। দুটি মামলা দায়রা জজ আদালতে এবং অন্যটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। সব কটি মামলার অভিযোগপত্রেই রয়েছে নুরুল হকের নাম । অভিযোগপত্রে ২১ জনের মধ্যে মধ্যে দু-একজন ছাড়া বাকি সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে।
আলোচিত এই নাশকতা মামলার একাধিক আসামির কৌঁসুলি ও সাবেক পিপি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, কয়েকজন আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকের পরোয়ানা জারি করা হয়েছে। পলাতক আসামিদের নাম পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিচারকাজ শুরু হবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘নুরুল হক পলিটেকনিকের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে শুনেছি। এ বিষয়ে আমার কমিটির উপ-আইনবিষয়ক সম্পাদক মুনির চৌধুরী ভালো বলতে পারবেন।’
জানতে চাইলে মুনির চৌধুরী বলেন, ‘আমি ও নুরুল হক ছাত্রলীগের রাজনীতি করে আসছি। নুরুল হক চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ২০১৩-১৪ সালে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায় সংগঠন নেবে না।’