ছাত্রলীগের স্থগিত কমিটির শীর্ষ দুজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শনিবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে দোকানে চাঁদা না পেয়ে গতকাল শনিবারের ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে স্থগিত কমিটির সভাপতি মেহেদী হাসান শিশিরের বিরুদ্ধে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের ঠিকাদারদের কাছে চাঁদা না পেয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের বিরুদ্ধে।

মামলার এজাহারে জানা যায়, পার্কের মোড় এলাকার ক্ষতিগ্রস্ত লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারির মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন মেহেদী হাসান শিশির। চাঁদা না পেয়ে শনিবার মেহেদীর নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত ওই দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় মেহেদীসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন ওই দোকানের মালিক মাজেদুল ইসলাম।

এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে নির্মাণাধীন ভবনে ঠিকাদারেরা চাঁদা না দেওয়ায় শ্রমিকদের মারপিট করা হয়। ওই ঘটনায় মোস্তফা মাহমুদ হাসানকে প্রধান আসামি করে শনিবার রাতে মামলা করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মিজানুর রহমান। মামলার এজাহারে বলা হয়েছে, চাঁদা দাবি করে না পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে নির্মাণশ্রমিকদের মারপিট করা হয়। এঁদের মধ্যে একজনের পা ভেঙে যায়। তিনি এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য মেহেদী হাসান শিশির ও মোস্তফা মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পার্কের মোড়ে বিক্ষোভ
পার্কের মোড়ে দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার ওই এলাকার শতাধিক দোকান বন্ধ ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা ওই এলাকায় বিক্ষোভ করেন। পার্কের মোড় দোকান মালিক সমিতির আহ্বায়ক এ কে এম মাসুদ রানা বলেন, ‘আমরা ব্যবসায়ীরা বর্তমানে আতঙ্কে রয়েছি। দোকানপাট খুললে আবারও কোনো অঘটন ঘটে কি না, এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভয় কাজ করছে।’