চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত শহীদ আবদুর রব হল দখলের চেষ্টা করেছে ছাত্রলীগ। তবে পুলিশের বাধার মুখে তারা হলে ঢুকতে পারেনি। পরে ওই হলে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু লাঠিসোঁটা ও শিবিরের সাংগঠনিক বই উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে আবদুর রব হলের আবাসিক এক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা শাহজালাল ও শাহ আমানত হলে গিয়ে জানান যে শিবিরের এক কর্মী তাঁদের কটূক্তি করেছেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আবদুর রব হলের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বেশ কয়েকবার হলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তবে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের ভেতরে ঢুকতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাধা পেয়ে আবদুর রব হলে তল্লাশি চালাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে পুলিশ হলে তল্লাশি চালায়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা হলে ছিলেন না। তল্লাশিকালে পুলিশ শিবিরের বেশ কিছু সাংগঠনিক বই ও লাঠিসোঁটা উদ্ধার করে। এ সময় মোহাম্মদ মোস্তফা নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে শিবির আবদুর রব হলে অবস্থান করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজও (মঙ্গলবার) আমাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার পর আমাদের নেতা-কর্মীরা ওই হলের সামনে যান। তবে প্রশাসন হলে তল্লাশির আশ্বাস দেওয়ায় আমরা সেখান থেকে চলে আসি।’
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের কর্মীদের কথা-কাটাকাটি হয়। কিন্তু আমাদের এক কর্মী হামলা চালিয়েছেন এমন অভিযোগ তুলে অস্ত্রশস্ত্র নিয়ে আবদুর রব হলের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করতে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর মাধ্যমে বোঝা যায়, কারা ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায়।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, আবদুর রব হলের প্রায় ৪০টি কক্ষে তল্লাশি চালিয়ে শিবিরের কিছু সাংগঠনিক বই ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিক্ষার্থীকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই হলের বেশ কিছু কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।