ছাত্রলীগের হামলায় অনুষ্ঠান পণ্ড
মানিকগঞ্জ পৌর এলাকায় হামলা চালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার রাত ১১টার দিকে বেউথা এলাকায় এ ঘটনা ঘটে।
আয়োজক ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক সংগঠন মুকুল ফৌজের বেউথা এলাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথম দিনে পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। রাত আটটার দিকে জেলা প্রশাসক ও মেয়র চলে যাওয়ার পর অনুষ্ঠানে গান শুরু করেন প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকী। এর ঘণ্টা খানেক পর জেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক ১৫–২০ জন নেতা-কর্মীকে নিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে চলে যান। এর পরপরই পৌর মেয়র আবার অনুষ্ঠানস্থলে এলে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। রাত পৌনে ১১টার দিকে মেয়রের উপস্থিতিতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম ফেলে দেওয়াসহ মঞ্চের সামনে দর্শকদের জন্য রাখা চেয়ার ভাঙচুর করে।
এ বিষয়ে সাদেকুল ও এনামুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।
তবে পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহা বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে ওই অনুষ্ঠানস্থলের পাশে থেকে ছাত্রদলের স্থানীয় কয়েকজন কর্মী মারধর করেন। এ কারণে অনুষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা না করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়।
পৌর মেয়র রমজান আলী বলেন, এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের শাসন করা হয়েছে।