ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মী মারা গেছেন
ছাত্রলীগের হামলায় আহত যশোরের শার্শা উপজেলায় যুবলীগ কর্মী তোজাম্মেল হক ওরফে তোজাম (৪৪) মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
ঘটনার প্রতিবাদে আজ সকাল সাতটা থেকে তোজাম্মেলের ক্ষুব্ধ স্বজনেরা শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদারের বাড়িতে ভাঙচুর চালিয়ে মোটরসাইকেল ও আসবাবে আগুন ধরিয়ে দেন। রহিম ও নিহত তোজাম্মেলের বাড়ি দক্ষিণ বুরুজবাগান গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শার্শা উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য আসাদুল হকের দাবি, নিহত তোজাম্মেল হক যুবলীগের একজন কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, নারী উত্ত্যক্তের ঘটনায় তোজাম্মেলের ছেলের ব্যাপারে সালিসকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার একপক্ষের ওপর আরেকপক্ষের হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত তোজাম্মেলকে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমানের ভাষ্য, দুই পক্ষের সংঘর্ষে তোজাম্মেল আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তোজাম্মেলের স্বজনেরা খেপে গিয়ে ছাত্রলীগের সভাপতির বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।