ছাত্রলীগের হামলায় ছাত্রফ্রন্টের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ভর্তি ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রফ্রন্টের এক নেতা আহত হন। গতকাল রোববার এই ঘটনা ঘটে।
আহত নেতার নাম ইমরান সরকার (২১)। তিনি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা কলেজ ক্যাম্পাসে অবস্থিত জনতা ব্যাংকের কার্যালয় অবরোধ করতে যায়। এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রাফিউর রহমান।