ছাত্রলীগের হামলায় ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গতকাল সোমবার বিকেলে এক পক্ষের হামলায় অপর পক্ষের কর্মী সৌরভ হোসেন ওরফে টুলটুলির (২০) বাঁ হাত তাঁর বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সৌরভ পাকশীর রূপপুর গ্রামের তুহিন হোসেনের ছেলে। তিনি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
সৌরভের মামা রুবেল হোসেন অভিযোগ করেন, সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রাত নয়টার দিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, পাকশীর রূপপুর মোড়ে আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলমের সঙ্গে কমিটির সাধারণ সম্পাদক মিরাজ হাসানের দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে গত রোববার বিকেলে ছাত্রলীগ সভাপতি সদরুল আলমের পক্ষের কর্মী মিজানকে রূপপুর মোড়ে সৌরভ মারধর করেন। সৌরভ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজের সমর্থক। এ নিয়ে গতকাল সোমবার সারা দিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে। বিকেল সাড়ে চারটার দিকে পাকশী পেপার মিলের সামনে সৌরভকে দেখে সদরুল আলমের সমর্থক কর্মীরা তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁরা সৌরভকে এলোপাতাড়ি কোপান। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের বাঁ হাতের কনুই পর্যন্ত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। সৌরভ অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে সৌরভকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক সূত্র জানায়, দেহ থেকে বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় সৌরভকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাঁর দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত হয়েছে এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। বর্তমানে সৌরভ রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কাউকে পাওয়া যায়নি।
তবে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। এর সঙ্গে ছাত্রলীগের দুই পক্ষ জড়িত কি না, তাও জানেন না। যারা ওই হাত কাটার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।