কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় ছাত্রলীগের নেতারা অস্ত্র উঁচিয়ে তাঁদের ধাওয়াও দেন। হামলায় শিবিরের অন্তত পাঁচ কর্মী আহত হন।
ছাত্রশিবিরের আহত কর্মীরা হলেন বিল্লাল হোসেন, শামীম আলম, শাহাবুদ্দিন, শাহাদাত হোসেন ও জামাল হোসেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের কলাভবন ও প্রশাসনিক ভবনের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের কাজে সহযোগিতা করছিলেন।
এ সময় ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মী কলেজে ঢুকছেন এমন খবর পেয়ে কলাভবনের ফটকের কাছে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শিবিরের কর্মী বিল্লাল, শামীম আলম, শাহাবুদ্দিন, শাহাদাত ও জামাল আহত হন।
সূত্র আরও জানায়, একপর্যায়ে অস্ত্র হাতে নিয়ে শিবিরের কর্মীদের ব্যবসায় শিক্ষা ভবন লাগোয়া নির্মাণাধীন একাডেমিক ভবনের সামনে গিয়ে ধাওয়া দেন কয়েকজন নেতা-কর্মী। তখন আতঙ্কে শিবিরের কর্মীরা পালিয়ে যান। পরে ছাত্রলীগ ক্যাম্পাসে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আতঙ্কে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন। এ ঘটনার পর ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের অন্তত পাঁচজন শিক্ষক বলেন, প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে বহিরাগত ব্যক্তিরা কলেজ ক্যাম্পাসে মহড়া দেয়। একই সঙ্গে ফাঁকা গুলি ছোড়ে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ছাত্রশিবিরকে কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করতে না করে দিয়েছি। এর পরও তারা কলেজে এসে মহড়া দেয়। ওই কারণে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তাঁদের বিতাড়িত করা হয়।’ অস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল দাবি করেন, ছাত্রলীগের অতর্কিত হামলায় ছাত্রশিবিরের পাঁচ কর্মী মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ছাত্রলীগ ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা জানি না।’