ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করতে আসা একটি পরিবার ও তাঁদের স্বজনদের ওপর হামলা চালানো হয়েছে। শীতবস্ত্র না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা গতকাল শনিবার এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এক সাংবাদিকসহ চারজন আহত হন।
আহতরা হলেন রাজধানীর একটি আইটি ফার্মের ব্যবস্থাপক (প্রশাসন) রাশেদ মুজিব (৩৫), তাঁর শ্যালক দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাসুক হৃদয় (২৯), তাঁর ভাগনে এ জেড এম সোহাগ (২৫) ও মাইক্রোবাসের চালক বাবুল হোসেন (৩৫)।
হামলায় আহত রাশেদ মুজিবের ভাগনি ব্যাংক কর্মকর্তা কামরুন্নাহার লিনু জানান, তিনি, তাঁর বোন সাবেকুন্নাহার লিজা ও তাঁর খালা হোসনে আরা আক্তার নিজেদের বেতনের টাকায় শীতবস্ত্র কিনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী তাঁরা পাঁচ শতাধিক কম্বল কিনে ঢাকার উত্তরা ও ব্রাহ্মণবাড়িয়ার আটজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে গত শুক্রবার রাত নয়টায় ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা করেন। গতকাল সকাল নয়টার দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পাড়ের গ্রাম চর গোকুন্ডায় শীতবস্ত্র বিতরণ করতে যান। সেখানে পৌঁছে তাঁরা স্থানীয় একজন শিক্ষকের সহায়তায় ২৫০ জনেরও বেশি মানুষের একটি তালিকা তৈরি করেন।
কামরুন্নাহার অভিযোগ করেন, শীতবস্ত্র বিতরণের একপর্যায়ে স্থানীয় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামের নেতৃত্বে পাঁচ-সাতজন যুবক নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে তাঁদের শীতবস্ত্র দিতে হবে বলে দাবি করেন এবং ১০ জনের একটি তালিকা দেন। কিন্তু শীতবস্ত্র না দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। ফেরার পথে বিকেল তিনটার দিকে তাঁরা চর গোকুন্ডা গ্রামের রাস্তায় তাঁদের ওপর হামলা চালান।
খবর পেয়ে তিস্তা সেতু এলাকায় কর্মরত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর আলম ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন। পুলিশের গাড়ি দেখে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। যে নামগুলো জমা দিয়ে শীতবস্ত্র চাওয়া হয়েছিল, তার মধ্যে শুধু জাহাঙ্গীর ছাত্রলীগের কর্মী, অন্যরা নয়। তিনি দাবি করেন, ছাত্রলীগের বদনাম করতে অন্য কোনো সংগঠনের কর্মীরা এমনটা করতে পারেন।