ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন বিশ্বাস।
গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ ঘটনা ঘটে। ছাত্রদলের এই নেতাকে অাহত অবস্থায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর কান ও চোখের পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ছাত্রদলের নেতাদের অভিযোগ, শিপন তাঁর কয়েকজন আত্মীয়কে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা চারুকলার দিকে গেলে চারুকলা অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবিরের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা করেন। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করেন। পরে তাঁদের সবাইকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ।
ওবায়দুল কবির প্রথম আলোকে বলেন, ‘রাতে চারুকলায় সাধারণ শিক্ষার্থীরা থাকেন না। হঠাৎ খবর আসে, ছাত্রদলের একদল নেতা-কর্মী চারুকলায় ঢুকেছেন। কী উদ্দেশ্য সেটা জানা যায়নি। তবে চারুকলার ছেলেরা এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করে।’ তিনি দাবি করেন, ‘আমি বরং তাঁকে সেভ করেছি। ছেলেদের নিবৃত্ত করেছি। পুলিশকে বলেছি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে।’
পুলিশ আহত শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। তাঁর কানের পাশে একটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘ওই ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাঁকে আটক করেনি।’