আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন
ছাত্রলীগের হামলায় ২০ শিক্ষার্থী আহত

আবাসিক হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গতকাল রোববার কয়েক দফা হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, চার সপ্তাহ ধরে চলমান আন্দোলন বানচাল করতে শিক্ষার্থীদের ওপর এ হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ৷ দাবি আদায়ে আজ সোমবারও ছাত্র ধর্মঘট পালন করবেন তাঁরা৷
আবাসন সমস্যা সমাধানে গতকাল এক জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি৷ এতে শিক্ষার্থীদের দাবির প্রতি একমত পোষণ করে তারা৷ সভায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে আহ্বান জানানো হয়।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় হল নির্মাণের দাবিতে টানা চার সপ্তাহ ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ এতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন৷
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সকাল নয়টায় ছাত্র ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটকে গেলে বাধা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বেশ কিছুসংখ্যক নেতা-কর্মী৷ এ সময় বাধা উপেক্ষা করতে চাইলে ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহরাব আজাদ, শিক্ষার্থী রনিয়া সুলতানা, গোলাম রাব্বী, অনিমেষ রায়, রুহল আমিনসহ ৮ থেকে ১০ জনকে মারধর করেন তাঁরা৷ আহত অবস্থায় অনিমেষ রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকি শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক এলাকার সড়ক অবরোধ করলে দ্বিতীয় দফা হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে আরও প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন।
বিকেল চারটায় ছাত্রলীগের দুই দফা হামলার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন কয়েক শ শিক্ষার্থী৷
ছাত্রলীগের হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। অবশ্য এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, ‘আমাদের সামনে কোনো মারামারির ঘটনা ঘটেনি।’
হামলার বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, কাউকে মারধর করা হয়নি। ছাত্রলীগ শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তবে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে বিষয়ে তদারকি করছে ছাত্রলীগ৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীদের কেউ অভিযোগ করেনি৷ তবে মুঠোফোনে অনেকেই তাঁকে আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন৷