ছাত্রলীগের ১১ জনের নামে মামলা
চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের অভিযোগে কুমিল্লা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ নেতা-কর্মীর নামে ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের ভাতিজা জাফর আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। তবে একে মিথ্যা মামলা বলে দাবি করে বুধবার রাতেই নগরে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশ।
মামলার আসামিরা হলেন: শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি গোলাম সারওয়ার কাউছার, আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী রিয়াজ মাহমুদ, যুবলীগের কর্মী আবু সুফী, ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, কিবরিয়া, মো. রাজন, মজিবুর রহমান, মিশু ও মোবারক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দেলোয়ার হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। না দেওয়ায় ২৩ ফেব্রুয়ারি দুপুরে তাঁরা নগরের মনোহরপুরে হত্যার উদ্দেশ্যে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়।
ছাত্রলীগের নেতা সুমন দাস বলেন, ‘২৩ ফেব্রুয়ারি হরতালবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে সামনে পেয়ে মিছিল থেকে কিছু কর্মী তাঁকে টানাটানি করে। আমি বরং তাঁকে রক্ষা করতে যাই। আমার সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। এটি মিথ্যা মামলা।’
মামলার বাদী জাফর আহম্মেদ বলেন, ‘মুরব্বিদের নির্দেশে মামলা করেছি।’ কারা মুরব্বি এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। চাঁদা দাবির বিষয়ে জানান, সুমন দাস নয়, গোলাম সারওয়ার দাবি করেছেন।
গোলাম সারওয়ার বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।