সিলেট সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের একাংশের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ছাত্রলীগ নেতা পারভেজ আহমদসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলায় আহত ছাত্র মোহাম্মদ সায়মন মিয়ার বাবা জহির আলম গতকাল শনিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। এ ঘটনায় প্রতিম চক্রবর্তী নামে অভিযুক্ত এক ছাত্রলীগ নেতাকে নগরের শেখঘাট এলাকা থেকে গত শুক্রবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত এক কনসার্টে ছাত্রলীগ নেতা পারভেজ ও তাঁর অনুসারীরা বিনা টিকিটে ঢোকার চেষ্টা করেন। ওই কনসার্টের সঙ্গে যুক্ত ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষের নেতা-কর্মীরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পারভেজ অনুসারীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই সাধারণ ছাত্র এবং ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষের এক নেতা আহত হন।
মারামারির খবর পেয়ে সিলেটের গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত সেখানে যান। এদিকে হামলার খবর পেয়ে ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষের শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে অডিটোরিয়াম এলাকায় হামলা চালায়। সেখানে অবস্থানরত রজতকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বিক্ষোভকারীদের কয়েকজন। ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষের নেতা-কর্মীরা তাঁকে কোপান বলে অভিযোগ উঠেছে।
আহত রজতকান্তি গুপ্ত গতকাল জানান, আহত হওয়ার কারণে মামলা দায়েরে তাঁর কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আজ (গতকাল) রাতের ভেতরেই হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিক্ষোভ: গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন ছাত্রের ওপর হামলার নিন্দা জানিয়ে ‘প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি’ পালন করেছে সিলেটের সর্বস্তরের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা।
গতকাল শনিবার বেলা সোয়া পাঁচটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়াম-সংলগ্ন মুক্ত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে নগরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সংস্কৃতিকর্মীরা গান-আবৃত্তি-বক্তব্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, রজতকান্তি গুপ্তর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার বেলা তিনটায় নগরের কোর্ট পয়েন্টে যৌথভাবে মানববন্ধন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ।