সিলেটের এমসি কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ তাঁর পক্ষের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে ছাত্রলীগের কর্মী রুবেল আহমদ মহানগর পুলিশের শাহ পরান থানায় সংঘর্ষের ঘটনায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে আসামি করে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের সময় আটক ছাত্রলীগের দুই কর্মী জিহাদ ও পুলককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক সভাপতি হিরণ মাহমুদের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এক পক্ষের গুলিতে খায়রুল হাসান ওরফে শাহিন ও রতন গোপ নামের দুজন গুলিবিদ্ধ ও সাতজন কর্মী আহত হন। এঁদের মধ্যে শাহিনের অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয় তাঁকে।