জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের ওপর সাধারণ সম্পাদক পক্ষের হামলার ঘটনায় ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বহিষ্কার ও একজনের সনদ স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিশেষ সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
হামলার ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাতজনকে দুই বছর, তিনজনকে এক বছর, দুজনকে ছয় মাস এবং পাঁচজনকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত এই ২২ জনের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র এবং ছাত্রলীগ নেতার সনদ স্থগিত করা হয়েছে।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলার ঘটনায় গত ২২ আগস্ট পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু কমিটি দুই মাস পর গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেয়। বিকেলে শৃঙ্খলা বোর্ডের সভায় এসব শাস্তির সুপারিশ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সুপারিশ অনুমোদন করা হয়।
আবু বকর সিদ্দিক বলেন, হামলার ঘটনায় মোট ২৩ জনকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। তবে অফিস আদেশ জারি না হওয়ায় কারও নাম প্রকাশ করা যাচ্ছে না।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ আগস্ট রাত সাড়ে চারটার দিকে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের ওপর হামলা চালায় সাধারণ সম্পাদক পক্ষের নেত-কর্মীরা। এতে কমপক্ষে সাতজন আহত হন। এ ঘটনায় পরদিন ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ওই বহিষ্কৃত ১৬ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।