ছাত্রলীগের ২৭ কর্মী আটক, রিভলবার, রামদা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ দলের কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা এবং সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন ছাত্রলীগের ২৭ কর্মীকে আটক করেছে পুলিশ। এঁদের কয়েকজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রিভলবারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
গত বৃহস্পতিবার ভয়াবহ সংঘর্ষের ঘটনার পর ওই দিন রাতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ ও কোতোয়ালি থানার কয়েকটি দল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করে।
পুলিশ জানায়, সংঘর্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী ওরফে পার্থ, সাধারণ সম্পাদক ইমরান খান, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাইদ আকন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের নেতৃত্বে চারটি পক্ষ একত্রে সহসভাপতি অঞ্জন রায় ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসের পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। এ ঘটনায় ভিডিও ও স্থিরচিত্র দেখে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত অভিযানে নামে পুলিশ। নগরের পাঠানটুলা থেকে লামাবাজার পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেসে চালানো হয় অভিযান। আটক করা হয়েছে ২৭ জনকে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে কারা সরাসরি জড়িত, কাদের হাতে অস্ত্র ছিল—এসব বিষয়ে এখন খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা সবাই নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। এঁদের মধ্যে এমদাদুল হক ওরফে খোকনের (২৫) কাছ থেকে উদ্ধার করা হয় চারটি গুলিভর্তি একটি রিভলবার। পাঠানটুলার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয় তাঁকে। অভিযানে গতকাল পর্যন্ত ১৯টি দা ও রামদাও উদ্ধার করা হয়। এ ছাড়া নাইম আহমদ নামের একজনকে আটক করা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার থেকে। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী।
পরিবারের কাছে লাশ হস্তান্তর: সংঘর্ষকালে গুলি করে ও কুপিয়ে হত্যা করা ছাত্রলীগের কর্মী সুমন চন্দ্র দাসের (২২) মরদেহ বৃহস্পতিবার রাতে তাঁর পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। তবে তাঁকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের সরকারি চাকরিজীবী হরিধন দাসের ছেলে সুমন। তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করবে। ইতিমধ্যে পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র প্রদর্শন, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় একটি মামলা করেছে।