ঢাকার সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার মামলা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে সাভার মডেল থানায় ওই মামলা করা হয়।
মামলায় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি নামাগেন্ডা এলাকার ঢাকা সোয়েটার নামে একটি পোশাক কারখানা থেকে ঝুট ক্রয় করছেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই ব্যবসা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কারখানার সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ডিবির উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ঘটনাস্থলে গেলে মোশারফের প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি মাথা ও গায়ে আঘাত পান। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ডিবির এসআই তৌহিদুর রহমান বলেন, ঘটনার পর জিল্লুরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ফেটে গেছে ও ঘাড়ে আঘাত পেয়েছেন।
ওই ঘটনায় ডিবির এসআই জহিরুল ইসলাম খান মঙ্গলবার রাতেই আতিকুর রহমানসহ ৪০ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে মোশারফকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) ওসি মোস্তফা কামাল বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় জিল্লুর পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তাঁর ওপর ওই হামলা চালানো হয়।