গায়ে ধাক্কা লাগায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা তাঁর অনুসারীদের নিয়ে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন। এ ঘটনায় আট শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
গত বৃহস্পতিবার রাতে মারধরের ঘটনা ঘটে। এতে আহত হন নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ইসমাঈল আহমেদ।
এ ঘটনায় গতকাল শুক্রবার হল থেকে সাময়িকভাবে আটজনকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন ভাষাবিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম ও কাজী তানভীর আহমেদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রবিউল হাসান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামচি তাবরিজ, আইন বিভাগের আহসান হাবীব, ইসলামিক স্টাডিজের আবু ইউনুস, মার্কেটিংয়ের ইবনে কায়েস ও মনোবিজ্ঞানের ওয়াহিদ আনোয়ার। এর মধ্যে আরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি। বাকিরা ছাত্রলীগের হল শাখার কর্মী।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার রাতে বিজয় একাত্তর হলের মুদিদোকানে দুজনে আলাদাভাবে কেনাকাটা করতে গেলে আরিফুল ইসলামের সঙ্গে ইসমাঈলের সামান্য ধাক্কা লাগে। ইসমাঈল তাঁকে সরি (দুঃখিত) বলেন। কিন্তু আরিফ ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা পানিশূন্য ফিল্টারের জার দিয়ে তাঁকে আঘাত করেন। পরে তাঁকে টেনে দোকানের বাইরে এনে কিল-ঘুষি মারতে থাকেন। ঘটনা দেখে হলের মাঠে অবস্থানরত ছাত্রলীগের কর্মীরাও তাঁর সঙ্গে মারধরে যোগ দেন।
মারধরের একপর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেললে ওই ছাত্রকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূইয়া গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তাদের তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।’