একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় ছাত্রলীগের ৯ নেতা-কর্মীসহ ১১ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ গত মঙ্গলবার এ অভিযোগপত্র আদালতে জমা দেন।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাশেদ খান, উপ-প্রচার সম্পাদক তিতাস মিয়া। এ ছাড়া ছাত্রলীগের আরও সাত কর্মীর নাম রয়েছে অভিযোগপত্রে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ প্রথম আলোকে বলেন, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৫ মিনিটে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমএম কলেজ শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শটগানের গুলি চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।