ছাত্রলীগের 'হামলা'য় পুলিশ আহত, আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক এক ব্যক্তিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় একজন উপপরিদর্শকসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। নিমাইকাশারী এলাকায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

উত্ত্যক্তের অভিযোগে আটক ব্যক্তির নাম নোমান। নোমানের বড় ভাই ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন। তাঁর নেতৃত্বে পুলিশের ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় কলেজে যাওয়া-আসার পথে নোমান এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে ওই ছাত্রীর অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ তদন্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমনা পারভীন ও কনস্টেবল জুলকারনাইন নিমাইকাশীতে যান। তাঁরা নোমানকে আটক করেন। এ সময় ওয়ার্ড ছাত্রলীগের নেতা আল মামুনের নেতৃত্বে একদল যুবক পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে নোমানকে ছিনিয়ে নেন। এতে এসআই সুমনা ও কনস্টেবল জুলকারনাইন আহত হন।

রফিকুল আরও বলেন, পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আল মামুনসহ সাতজনকে আটক করে। তাঁদের মধ্যে চিহ্নিত অপরাধী আল মামুনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। মামুন থানাহাজতে আছেন।

তবে স্থানীয় লোকজন বলেন, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা সিদ্ধিরগঞ্জ থানার সামনে অবস্থান নেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আলোচনা হয়। তখন পুলিশ হামলাকারী আল মামুন ছাড়া বাকি ছয়জনকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

আহত এসআই সুমনা বলেন, তাঁদের ওপর হামলায় পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধর ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।