আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা ছাত্রাবাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রাবাসের দুটি কক্ষও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিশ্বশান্তি প্যাগোডা ছাত্রাবাসটিতে বৌদ্ধধর্মের অনুসারী শিক্ষার্থীরা থাকেন। তবে ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। ছাত্রলীগের এই দুটি পক্ষ হলো শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ।
পুলিশ সূত্র জানায়, বিশ্বশান্তি প্যাগোডা ছাত্রাবাসের ১৩ নম্বর কক্ষে তিন দিন ধরে থাকছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা রাকিব হোসেন। তিনি চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার ও ক্যাম্পাস ছাত্রলীগের হয়েই ওই ছাত্রাবাসে অবস্থান নেন। এই রাকিব হোসেনকে প্রায় দেড় বছর আগে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিলেন ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা। এদিকে রাকিব প্যাগোডা ছাত্রাবাসটিতে অবস্থান করছেন, জানতে পেরে ছাত্রলীগের ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়ে ওই ছাত্রাবাসটির দিকে যান। কিন্তু খবর পেয়ে আগেই রাকিব হোসেন ঘটনাস্থল ত্যাগ করেন। পরে উভয় পক্ষই দফায় দফায় আট-দশটি ফাঁকা গুলি ছোড়ে।
সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি অমিত কুমার বসু প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাস যখন শিবিরমুক্ত হয়েছে, তখন শিবিরকে আবারও ক্যাম্পাসে পুনঃপ্রতিষ্ঠা করতে ছাত্রলীগের ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা প্যাগোডার মতো একটি ধর্মীয় উপসনালয়ে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে এবং দুটি কক্ষ ভাঙচুর করেছে।’
তবে এ অভিযোগটি অস্বীকার করে ভিএক্স পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে শিবিরের সঙ্গে আঁতাত করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রলীগ নামধারীরা প্যাগোডা ছাত্রাবাসের চাকমা ছাত্রদের বের করে দিয়েছে এবং সেখানে অবস্থান নিয়েছে। আমরা তা প্রতিরোধ করেছি। কোনো ভাঙচুর করিনি।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘রাকিব হোসেন নামের ছাত্রলীগের এক সাবেক নেতার প্যাগোডায় অবস্থান করা নিয়ে এ ঘটনা ঘটেছে। আমরা কয়েকটি গুলির শব্দ শুনেছি। তবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশকে বলি এবং তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’