ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামে গতকাল শুক্রবার ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দুই নেতাসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুরেরও ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন মিয়ার বাড়িতে তাঁর মেয়ের মুখে ভাত দেওয়া উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীদের উপস্থিতিতে পূর্বশত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ওরফে রবিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে যুবলীগ কর্মীরা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাজুকে বেধড়ক পেটান। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে যুবলীগ কর্মীরা একত্র হয়ে পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি নাদের ভূঁইয়ার বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা নাদের, তাঁর মা সাফিয়া বেগম, বোন নাদিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী আশা ইসলাম ও চাচি মতু বানুকে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁরা নাদের ভূঁইয়ার বাড়িঘর ভাঙচুর করেন। মো. সাজু ও নাদেরকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।