ছাত্রলীগ-যুবলীগের বাধা, দরপত্রের লটারি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ১৮ গ্রুপের দরপত্রের উন্মুক্ত লটারিতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দিয়েছেন। প্রায় তিন কোটি টাকার কাজ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁরা গতকাল বুধবার বিএডিসি কার্যালয়ে হট্টগোল শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে দরপত্রের লটারি স্থগিত করা হয়।
বিএডিসি বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় খাল খনন, বেড়িবাঁধ ও কালভার্ট নির্মাণের জন্য গত ১৫ সেপ্টেম্বর ১৮ গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। এতে প্রায় তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ওই কাজের বিপরীতে চার হাজার ২০০টি দরপত্র জমা পড়ে। ছাত্রলীগ ও যুবলীগ নেতারা ওই সিডিউলগুলো বাতিল করার অনৈতিক দাবি জানালে লটারি স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক ঠিকাদার জানান, সকাল সোয়া ১০টায় লটারি শুরু করেন বিএডিসির প্রকৌশলীরা। তিনটি লটারি তোলা হয়। এতে ফরিদপুর, পটুয়াখালী এবং খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ওঠে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগ নেতা মঈন তুষার, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, হাতেম আলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক বাবুসহ ছাত্র-যুবলীগের শতাধিক নেতা-কর্মী বরিশালের বাইরের দরপত্র বাতিল করতে বলেন। নির্বাহী প্রকৌশলী এতে রাজী না হওয়ায় তাঁরা হট্টোগোল শুরু করেন। এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলী লটারি স্থগিত ঘোষণা করেন।
ঠিকাদার মো. মিজানুর রহমান জানান, নিয়ম অনুযায়ী এখানে যেকোনো জেলা থেকে দরপত্র জমা দিতে পারবে। লটারিতে বরিশালের বাইরের জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাচ্ছে শুনে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বাইরের জেলার দরপত্র বাতিলের নির্দেশ দেন। এ সময় প্রভাব খাটিয়ে দরপত্র নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে নির্বাহী প্রকৌশলী বেলা সাড়ে ১১টার দিকে লটারি স্থগিত ঘোষণা করেন।
বিএডিসি বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল রশীদ বলেন, উন্মুক্ত লটারি শুরু হওয়ার পর তিন গ্রুপের কাজ পায় ফরিদপুর, পটুয়াখালী ও খুলনার ঠিকাদারেরা। এর পরই ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বরিশালের বাইরের জেলার দরপত্র বাতিল করার দাবি তোলেন। নিয়ম অনুযায়ী বাইরের ঠিকাদারের দরপত্র বাতিলের কোনো সুযোগ ছিল না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। অন্যদিকে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।